নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর (সাতক্ষীরা) :
সাতক্ষীরার শ্যামনগরে ট্রাক্টরের ধাক্কায় ও চাকায় পিষ্ট হয়ে নূর ইসলাম (৬৫) নামের এক ভ্রাম্যমাণ মাছ বিক্রেতা নিহত হয়েছেন। প্রতিদিনের মতো জীবিকার তাগিদে মাছ বিক্রি করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে মৌতলা জাহাজঘাটা মেইন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নূর ইসলাম কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সেকেন্দারনগর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর ইসলাম প্রতিদিনের মতো শ্যামনগরের সোনারমোড় মৎস্য আড়ত বা সেট থেকে মাছ কিনে বাইসাইকেল করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন দুপুরে মাছ বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে মৌতলা জাহাজঘাটা মেইন সড়কে পৌঁছালে স্থানীয় জহুরুল ইসলামের কনস্ট্রাকশনের (নির্মাণাধীন) কাজের আশপাশে একটি ট্রাক্টর তাঁকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গেলে ঘাতক ট্রাক্টরের চাকা তাঁর ওপর দিয়ে চলে যায়, এতে তাঁর দুটি পা মারাত্মকভাবে থেঁতলে ও ভেঙে যায়। স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক ও নৃশংস মৃত্যুতে তাঁর স্ত্রী ও কন্যার কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার। উপার্জনক্ষম বাবাকে হারিয়ে দিশেহারা তাঁরা। এদিকে একজন সহজ-সরল ও পরিশ্রমী মানুষের এমন অকাল মৃত্যুতে সমগ্র সেকেন্দারনগর গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী ঘাতক ট্রাক্টর চালকের দ্রুত শনাক্তকরণ ও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
প্রতিনিধির নাম 

















