সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের বাসিন্দা, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. আলিমুজ্জামান (সাজু) ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (১৯ আগস্ট) বিষয়টি জানাজানি হলে কালিগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
নিহত আলিমুজ্জামান সাজু তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের ঐতিহ্যবাহী সরদার বাড়ি পরিবারের সদস্য। তিনি দীর্ঘদিন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। একই সঙ্গে তিনি সাবেক ছাত্রনেতা ও যুবনেতা হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ছিলেন। এছাড়া তিনি কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিষয়টি কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুল ইসলাম তার ফেসবুক পেজে নিশ্চিত করেছেন।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, কলকাতায় অবস্থানকালে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে অগ্নিকাণ্ডের বিস্তারিত কারণ, দুর্ঘটনার সময় ও তার মরদেহ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আলিমুজ্জামান সাজুর মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এদিকে, এই ঘটনার সাথে আলোচনায় আসা রেবতী সরকারের বাড়ির ঠিকানা কালিগঞ্জের কোন এলাকায় অবস্থিত, তা এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে প্রতিবেদনটি আবারও আপডেট করা হবে।
মোঃ ইশারাত আলী 

















