সাতক্ষীরার কালিগঞ্জ থানায় পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় মাটি খুঁড়তে গিয়ে অজ্ঞাত ককটেল বিস্ফোরণে রফিকুল ইসলাম (৪২) নামে এক শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন। বর্তমানে তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত শ্রমিককে দেখতে যান বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা সভাপতি হাফেজ মো. আব্দুল মজিদ। এ সময় তিনি রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসক ডা. সাঈদুর রহমানের সাথে তার চিকিৎসার বিষয়ে কথা বলেন।
ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজের অংশ হিসেবে শ্রমিকরা ফ্লোরের নিচের মাটি কাটার কাজ করছিলেন। এসময় বাজারগ্রাম এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (পিতা: গফফার মোড়ল) কোদাল দিয়ে মাটিতে কোপ দিলে সেখানে আগে থেকে লুকিয়ে রাখা একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে রফিকুলের দুই হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং তিনি মারাত্মক জখম হন। ঘটনার পরপরই উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানা চত্বরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে মাটি খুঁড়তে গিয়ে ককটেল পাওয়ার বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সোলায়মান মামুন : 
















