সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে নিচে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামের এক মৌসুমি ফল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মৃত্যুঞ্জয় বাছাড় পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে।পেশায় তিনি মৌসুমি ফল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মৃত্যুঞ্জয় বাছাড় তাঁর এক সহযোগীকে সঙ্গে নিয়ে বুড়িগোয়ালিনী এলাকার একটি বাগানে বেল পাড়তে যান। সেখানে বেলা ১১টার দিকে একটি গাছে উঠে বেল পাড়ার সময় হঠাৎ অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। ওই সময় বাগানের পাশেই কয়েকজন শ্রমিক কাজ করছিলেন।গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ ও তাঁর চিৎকার শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং অচেতন অবস্থায় মৃত্যুঞ্জয়কে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেন।পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের সঙ্গে থাকা শ্রমিক শোকর আলী জানান, সকালে তাঁরা দুজন একসঙ্গে ওই বাগানে বেল পাড়তে গিয়েছিলেন।মৃত্যুঞ্জয় একটি গাছে এবং তিনি অন্য আরেকটি গাছে উঠে বেল পারছিলেন।কিছুক্ষণ পর হঠাৎ মৃত্যুঞ্জয়ের পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে তিনি দ্রুত গাছ থেকে নেমে ঘটনাস্থলে যান।সেখানে গিয়ে তিনি মৃত্যুঞ্জয়কে মাটিতে পড়ে থাকতে দেখেন।পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাঁকে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্ট বিষয় খোঁজখবর নিয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধির নাম 








