কবিতা, গান ও সাংস্কৃতিক পরিবেশনায় ফুটে উঠল জাতীয় কবির বিদ্রোহী ও অসাম্প্রদায়িক চেতনা
বিদ্রোহ, সাম্য, মানবতা আর অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা। কবিতা, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা তুলে ধরে জাতীয় কবির সৃষ্টিকর্ম ও মানবতাবাদী দর্শন।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্দ্রনাথ মণ্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলামিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুলের কবিতা আবৃত্তি, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। তাদের পরিবেশনায় উঠে আসে নজরুলের বিদ্রোহী চেতনা, দেশপ্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক অসাধারণ সাহিত্যিক। তাঁর সাহিত্য মানুষের মুক্তি, মর্যাদা ও সাম্যের কথা বলে। তাই নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ পৌঁছে দেওয়া সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
তারা বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে নজরুলের সাহিত্য সীমাবদ্ধ না রেখে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাঁর আদর্শ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এতে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সহনশীলতা গড়ে উঠবে।
বক্তারা আরও বলেন, নজরুলের সাম্য ও মানবতার দর্শন ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতিময় সমাজ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সাংস্কৃতিক চর্চাই পারে শিক্ষার্থীদের মননশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সোলায়মান মামুন 









