নলতা বাজারে রাতের ঘটনায় তদন্তে পুলিশ, ক্ষয়ক্ষতির হিসাব চলছে
মোঃ ইশারাত আলী :
দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশের পর লকারের তালা ভেঙে স্বর্ণ, রুপা ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারের তৃষ্ণা জুয়েলার্সে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সকালে দোকান খুলতে এসে বিষয়টি জানতে পারেন মালিক।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে নলতা বাজারের তৃষ্ণা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। সকালে দোকানে এসে শাটার ভাঙা অবস্থায় দেখতে পান মালিক নলতা গ্রামের কালিদাস স্বর্ণকার। ভেতরে ঢুকে তিনি লকারও ভাঙা দেখতে পান।
দোকান মালিকের দাবি, লকারে রাখা স্বর্ণ ও রুপার বিভিন্ন অলংকার এবং নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ঠিক কী পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ টাকা খোয়া গেছে, তা এখনো নির্ধারণ করা যায়নি। মালামালের হিসাব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দোকানটি পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়। পাশাপাশি ঘটনার সময় বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা নাইটগার্ডসহ সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, “এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে নলতা বাজারের একটি জুয়েলার্সে এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বাজারের রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
প্রতিনিধির নাম 








