লালফিতা কেটে মেলার উদ্বোধন করলেন সাবেক এমপি কাজী আলাউদ্দীন
মোঃ ইশারাত আলী :
অবশেষে উদ্বোধকের অপেক্ষার অবসান হয়েছে। কয়েকদিনের প্রস্তুতি ও উদ্বোধন ঘিরে অপেক্ষার পর সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাঁচাই ফুটবল মাঠে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চাঁচাই সবুজ সংঘের উদ্যোগে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কাজী আলাউদ্দীন।
অনুষ্ঠানে চাঁচাই সবুজ সংঘের সভাপতি মো. রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মাস্টার জাহিদুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে মেলার উদ্দেশ্য ও আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের কাছে বিভিন্ন প্রজাতির গাছের চারা সহজলভ্য করার লক্ষ্যেই এ মেলার আয়োজন। মেলায় বিভিন্ন নার্সারির পাশাপাশি গাছের চারা ও সংশ্লিষ্ট পণ্য নিয়ে স্টল বসানো হয়েছে।
এর আগে মেলার মাঠ প্রস্তুত থাকলেও উদ্বোধন নিয়ে অপেক্ষায় ছিলেন আয়োজক ও স্টল মালিকরা। ফলে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় মেলা ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় উদ্বোধনের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চাঁচাই ফুটবল মাঠে আগামী ১০ দিন এ বৃক্ষমেলা চলবে।

প্রতিনিধির নাম 








