পাল্টাপাল্টি কর্মসূচির উত্তাপ কমাতে বৈঠক, একই দিনে নতুন যুবদল কমিটি নিয়ে আনন্দ মিছিল
পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষের একদিন পরই কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। অভ্যন্তরীণ বিরোধ ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে যখন দলের ভেতরে আলোচনা চলছে, ঠিক একই দিনে নতুন জেলা যুবদল কমিটি নিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। ফলে রাজনৈতিক উত্তাপের মধ্যেই সংগঠন গোছানোর বার্তা দিয়েছে স্থানীয় বিএনপির নেতৃত্ব।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় উপজেলা কৃষক দল ও কুশুলিয়া ইউনিয়ন বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি, দলীয় শৃঙ্খলা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর করণীয় নিয়ে আলোচনা হয়।
এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে।
জরুরি সভায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য, সাবেক চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান।
সভায় নেতারা বলেন, অভ্যন্তরীণ মতপার্থক্য বা ভুল বোঝাবুঝির কারণে দলের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত করা যাবে না। কোনো বিরোধ তৈরি হলে তা মাঠের কর্মসূচি বা সংঘাতের মাধ্যমে নয়, সাংগঠনিক কাঠামোর মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করতে হবে। শেখ এবাদুল ইসলাম বলেন, “দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল থাকতে হবে।”
তবে সাম্প্রতিক ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিয়ে জেলা বিএনপিসহ দলের ঊর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সভায় কুশুলিয়া, চম্পাফুল, তারালী, রতনপুর, মথুরেশপুর ও ধলবাড়িয়াসহ উপজেলার ১২টি ইউনিয়নের অধিকাংশ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে সাতক্ষীরা জেলা যুবদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল।

গত ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবদল সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করে। এতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সিনিয়র সহসভাপতি, শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দনকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলা যুবদলের আয়োজনে আনন্দ মিছিল বের করা হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ ইবাদুল ইসলাম।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্যাহ বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকিলুর রহমান খান (শাকিল), কুশুলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসানুর রহমান, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারি নুরুজ্জামান পাড়সহ নেতারা। এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
রাজনৈতিক পর্যবেক্ষণে এখন মূল প্রশ্ন, জরুরি সভার মাধ্যমে কালিগঞ্জ বিএনপির অভ্যন্তরীণ বিরোধ কতটা নিয়ন্ত্রণে আসে এবং সাংগঠনিক সিদ্ধান্ত মাঠপর্যায়ে কতটা কার্যকর হয়। সংঘর্ষের পর দেওয়া ঐক্য ও শৃঙ্খলার বার্তা বাস্তবে কতটা প্রতিফলিত হয়, সেটিই এখন দেখার বিষয়।
প্রতিনিধির নাম 









