কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সংসারে অভাব-অনটন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে নানা স্বপ্ন-সবকিছুকে সামনে রেখে স্বামীর পাশে দাঁড়িয়েছেন রেখা মণ্ডল (২২)। নিজের পরিশ্রম আর ইচ্ছাশক্তিকে পুঁজি করে পানিফল চাষ ও বিক্রির মাধ্যমে সংসারের হাল ধরেছেন তিনি। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের এই নারী এখন গ্রামীণ জীবনের এক সংগ্রামী উদাহরণ।
রেখা মণ্ডলের স্বামী রঞ্জিত মণ্ডল। তাঁদের সংসারে রয়েছে একটি কন্যাসন্তান, যে বর্তমানে শিশু শ্রেণিতে পড়াশোনা করছে। সন্তানের লেখাপড়া ও পরিবারের দৈনন্দিন খরচ মেটাতে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন রেখা।
এক বিঘা জমিতে পানিফল চাষ করেন তাঁরা। প্রতিদিন সকাল ও বিকেলে জমি থেকে ফল সংগ্রহ করেন রেখা। দিনে প্রায় ৩০ থেকে ৪০ কেজি পানিফল তুলে খোলা আকাশের নিচে রাস্তার ধারে বসে বিক্রি করেন। প্রতি কেজি ফলের দাম ২০ টাকা। রোদ-বৃষ্টি উপেক্ষা করে ক্রেতার অপেক্ষায় থাকতে হয় তাঁকে।

রেখা মণ্ডল জানান, এক বিঘা জমিতে পানিফল চাষ করতে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। মৌসুম শেষে ফল বিক্রি করে আয় হয় আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা। উৎপাদন খরচ বাদ দিয়ে যা থাকে, তা দিয়েই সংসারের ব্যয় ও সন্তানের পড়াশোনার খরচ চালাতে হয়।
প্রায় চার বছর ধরে পানিফল চাষ ও বিক্রির সঙ্গে যুক্ত রেখা। সংসারের স্বচ্ছলতা ফেরাতে স্বামীর পাশে দাঁড়িয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। ছোট্ট এই উদ্যোগই তাঁদের পরিবারের আয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছে।
গ্রামীণ জনপদে রেখা মণ্ডলের মতো অনেক নারীই সংসারের অর্থনৈতিক চাকা সচল রাখতে নীরবে সংগ্রাম করে যাচ্ছেন। তাঁদের শ্রম, সাহস ও আত্মনির্ভরতার গল্প সমাজে নারীর অবদানকে নতুন করে তুলে ধরে।
পানিফল চাষ ও বিক্রির মধ্য দিয়ে রেখা মণ্ডল শুধু সংসারের হালই ধরেননি, নিজের শ্রমে গড়ে তুলেছেন স্বাবলম্বী হওয়ার স্বপ্নও।
প্রতিনিধির নাম 








