মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে বিড়ালের মধ্যে নানা ধরনের অসুস্থতা ও মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। খাদ্যে অরুচি, বমি, জ্বর, গলা ফুলে যাওয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল উপসর্গে আক্রান্ত হচ্ছে পোষা ও পথের বিড়াল। স্থানীয়ভাবে অনেক বিড়ালের মৃত্যুর খবর পাওয়া গেলেও অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাচ্ছে না। ফলে এসব অসুস্থতার পেছনে কোনো সংক্রামক ভাইরাস ছড়িয়ে পড়ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় বিড়াল পালনকারী ফারহানা জেসমিনের বক্তব্য , অসুস্থ হওয়ার পর অনেক বিড়াল যথাযথ চিকিৎসা পাচ্ছে না। কেউ কেউ রোগের কারণ না জেনেই বাড়িতে ওষুধ প্রয়োগ করছেন। আবার অনেকে বিড়ালের অসুস্থতাকে সাধারণ সমস্যা মনে করে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। এতে রোগের প্রকৃত কারণ শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি সংক্রামক রোগ হলে তা অন্য বিড়ালের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিড়ালের এসব উপসর্গের সঙ্গে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কিছু লক্ষণের মিল থাকতে পারে। বিশেষ পরিস্থিতিতে এ ভাইরাসে বিড়ালও আক্রান্ত হতে পারে। তবে একই ধরনের উপসর্গ ক্যাট ফ্লু, প্যানলিউকোপেনিয়া, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, বিষক্রিয়াসহ বিভিন্ন রোগেও দেখা যায়। তাই পরীক্ষা ছাড়া বার্ড ফ্লু কিংবা অন্য কোনো নির্দিষ্ট রোগে বিড়ালের মৃত্যু হচ্ছে বলে নিশ্চিত হওয়ার সুযোগ নেই। একারনে এধরনের সমস্যায় সবার আগে অসুস্থ্য বিড়ালকে প্রাণীসম্পদ হাসপাতালে নিতে হবে।
এ অবস্থায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। কালিগঞ্জে বিড়ালের মধ্যে কি কোনো সংক্রামক রোগ ছড়াচ্ছে? সাম্প্রতিক সময়ে বিড়ালের মৃত্যুর সংখ্যা কি বেড়েছে? এসব মৃত্যুর পেছনে কোনো ভাইরাস দায়ী, নাকি অন্য কোনো রোগ? বিষয়টি নিয়ে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ কি কোনো অনুসন্ধান বা নজরদারি করছে?
কালিগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শংকর কুমার দে, ডি.ভি.এম ; এম.এস (প্যাথলজি) মতে, বিড়ালের খাবারে অরুচি, বারবার বমি, জ্বর, গলা বা মুখ ফুলে যাওয়া এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা করা উচিত নয়। বিশেষ করে শ্বাসকষ্ট, খিঁচুনি কিংবা অস্বাভাবিক আচরণ দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের কাছে নিতে হবে। অসুস্থ বিড়ালকে অন্য বিড়াল ও প্রাণী থেকে আলাদা রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা বিপজ্জনক হতে পারে।
এ ছাড়া অসুস্থ বা মৃত পাখির সংস্পর্শ থেকে বিড়ালকে দূরে রাখা, কাঁচা মাংস না খাওয়ানো এবং অসুস্থ বিড়াল ধরার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি। মৃত বিড়াল খালি হাতে স্পর্শ না করে স্থানীয় প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ নেওয়া উচিত।
কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কাছে বিড়ালের অস্বাভাবিক অসুস্থতা ও মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা, প্রয়োজনে নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা এবং আক্রান্ত প্রাণীর চিকিৎসায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন প্রাণীপ্রেমীরা।
বিড়াল মানুষের ঘনিষ্ঠ সঙ্গী এবং পরিবেশের একটি গুরুত্বপূর্ণ প্রাণী। তাই অজানা রোগে বিড়ালের অসুস্থতা ও মৃত্যুর ঘটনা অবহেলা করার সুযোগ নেই। প্রকৃত কারণ শনাক্তে প্রাণিসম্পদ বিভাগের দ্রুত উদ্যোগ, চিকিৎসকদের পরামর্শ এবং জনসচেতনতা জরুরি।
এখন প্রশ্ন উঠেছে, কালিগঞ্জে বিড়ালের মধ্যে কি সত্যিই কোনো ভাইরাস ছড়িয়ে পড়ছে, নাকি অন্য কোনো রোগে ঘটছে এসব মৃত্যু? বিড়ালের অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ চান স্থানীয় প্রাণীপ্রেমীরা।