মোঃ ইশারাত আলী :

“নেতৃত্বের বীজ শিক্ষায়, বিকাশের মঞ্চ সাতক্ষীরায়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলাভিত্তিক শিক্ষা ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগামীর পাঠশালা’র উদ্যোগে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) কালিগঞ্জের নলতা অডিটোরিয়ামে দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব হোসেন মুকুলের সার্বিক সহযোগিতা ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আক্তার, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, নলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনসহ উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ বকুল।

আয়োজক সূত্রে জানা যায়, এ বছরের প্রতিযোগিতায় কালিগঞ্জ উপজেলার ৩৬টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। দুটি ধাপে অনুষ্ঠিত এই মেধা যাচাই পরীক্ষার প্রথম ধাপ থেকে নির্বাচিত ১৮০ জন ফাইনালিস্ট গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে বিজয়ী ২০ জন শিক্ষার্থীকে (স্কুল পর্যায়ে ১০ জন, কলেজ পর্যায়ে ৫ জন এবং মাদ্রাসা পর্যায়ে ৫ জন) এক বছরের জন্য মাসিক শিক্ষাবৃত্তি, মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, গ্রাম-গঞ্জের লুকিয়ে থাকা মেধাকে খুঁজে বের করা এবং কেবল ভালো ফলাফল নয়, বরং নৈতিক ও আলোকিত মানুষ গড়ে তোলার লক্ষ্যেই ‘আগামীর পাঠশালা’ ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।