কালিগঞ্জ প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) উপজেলা উন্নয়ন তহবিল-২০২৬-২৭-এর আওতায় বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লাব ও খেলার মাঠের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস, সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দিন, ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, ইউপি সদস্য আফসার উদ্দিন, পীযুষ কান্তি রায় ও গোলাম রাব্বানী। আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য লাইলী পারভীন, রোজিনা পারভীন ও পূর্ণিমা রানী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মারুফ বিল্লাহ ও মেহেদী হাসান বাবুসহ গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসা, ক্লাব, খেলার মাঠ ও তরুণদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা জরুরি।
তাঁরা আরও বলেন, প্রতিটি এলাকায় খেলাধুলার উপযুক্ত সুযোগ তৈরি করা গেলে তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।
বিষ্ণুপুর ইউনিয়নে ক্রীড়া সামগ্রী বিতরণের এ উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও আগ্রহী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
পরে বিষ্ণুপুর ইউনিয়নের ৭৮ টি বিভিন্ন প্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল, খেলার জার্সি, ভলিবল সহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
