মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক সার ডিলারের গোডাউনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ৮০৩ বস্তা সার জব্দের পাশাপাশি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।

বুধবার (১১ নভেম্বর) মৌতলা ইউনিয়নের সার ডিলার মেসার্স মোজাম্মেল হক, নিবন্ধন নং-সাত ২০০৭/০৮২ এর সীডস্টোর সংলগ্ন বিসিআইসি সার ডিলার মীর্জা মোজাম্মেল হকের গোডাউনে এ অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।

অভিযানকালে গোডাউন থেকে মোট ৮০৩ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ডিএপি ৪৮ বস্তা, ইউরিয়া ২৫৮ বস্তা, টিএসপি ১৩৪ বস্তা এবং এমওপি ৩৬৩ বস্তা।

অবৈধভাবে সার মজুদের অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(১) ধারায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার সংশ্লিষ্ট কৃষি বিভাগের তত্ত্বাবধানে সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে বিক্রির ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দিন, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল এবং পুলিশের একটি দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বলেন, অবৈধভাবে সার মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও কৃষকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।