মোঃ ইশারাত আলী :
ঘরভর্তি মানুষ, সামনে সারি সারি মাইক্রোফোন আর ক্যামেরার ফ্ল্যাশ-এ বয়সে এই টেবিলে দাঁড়িয়ে কথা বলার কথা ছিল না দুই ভাইয়ের। একজনের পরনে কলেজপড়ুয়া তরুণের সরলতা, অন্যজনের চেহারায় এখনো শৈশবের সরল রেখা। কিন্তু নিয়তির নির্মম নিষ্ঠুরতা তাদের টেনে এনে দাঁড় করিয়েছে কালিগঞ্জ প্রেসক্লাবের এই সংবাদ সম্মেলনে।
বড় ভাই মোহন যখন মাইক্রোফোনের সামনে দাঁড়াল, তার চোখের কোণ উপচে গড়িয়ে পড়ল জল। পাশে ছোট ভাই মুহিন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল চারপাশের দিকে। তাদের আকুতিটা বড় সরল, অথচ ভীষণ ভারী-“আমাদের কোনো প্রতিশোধ চাই না, আমরা শুধু আমাদের বাবাকে ফিরে পেতে চাই।”
মায়ের আদর তো কবেই ফুরিয়ে গেছে এই দুই ভাইয়ের জীবনে। মা সংসার ছেড়ে চলে গেছেন অনেক দূরে। তবুও এতদিন বুক আগলে বেঁচে ছিল এক টুকরো পৃথিবী–তাদের বাবা মোঃ ইয়াছিন আলী গাজী। কিন্তু সেই বাবার কোলও আজ শূন্য কারাগারের চার দেয়ালের আড়ালে। পারিবারিক এক জটিল বিরোধের জেরে মিথ্যা ও সাজানো মামলায় বাবা আজ কারাবন্দী। আর বাইরে খোলা আকাশের নিচে দুই ভাইয়ের দিন কাটছে এক অন্তহীন অনিশ্চয়তা আর চরম অবর্ণনীয় দুর্ভোগে।
বড় ভাই মোহন (১৮) পড়ছে ডি আর এম আইডিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীতে। সামনে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল পরীক্ষা। কিন্তু বাবার কারাবাসের গ্লানি আর আইনি লড়াইয়ের গ্যাঁড়াকলে পড়ে সেই পরীক্ষার হলের পথ তার কাছে আজ বন্ধ। পরীক্ষার ফিতে পা দেওয়ার কথা যে বয়সে, সে বয়স এখন কাটছে আদালতের বারান্দায় আর থানার দরজায়।
আর ছোট ভাই মুহিন (১২) খুব্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছোট্ট শিশু। অন্য দশটা শিশুর মতো তার স্কুল ব্যাগ কাঁধে মাঠে দৌড়ানোর কথা, বিকেলে বন্ধুদের সাথে গোল্লাছুট খেলার কথা। কিন্তু মুহিনের ছোট্ট বুকটা এখন কাঁপছে ভয়ে ও কান্নায়। মায়ের অভাব ঘুচিয়ে যে মানুষটা তাদের মুখে খাবার তুলে দিত, শাসন করত, বুকে জড়িয়ে ধরত-সেই বাবাকে ছাড়াই কাটছে তাদের দিনরাত্রি। এই টানাপড়েনের ধাক্কায় মুহিনের পড়াশোনাও আজ প্রায় লাটে ওঠার উপক্রম। সমাজের চোখে তারা আজ বড় একা, মানসিকভাবে মারাত্মক এক অন্ধকূপে নিক্ষিপ্ত।
সাতক্ষীরার কালিগঞ্জের খুব্দিপুর গ্রামের দুই ভাই কালিগঞ্জ প্রেসক্লাবে সকাল ১১টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহন ও মুহিন তুলে ধরে তাদের পরিবারের ভাঙনের সেই করুণ ইতিহাস। দীর্ঘদিন ধরে বাবা ইয়াছিন আলী গাজী ও মা মোছাঃ জোসনা খাতুনের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে মায়ের কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সেই ফাটল গভীর থেকে গভীরে গড়ায়। শত চেষ্টা করেও দুই ভাই যখন বাবা-মাকে এক করতে পারেনি, তখন থেকেই শুরু হয় বড় বিপদের দিনগুলো।
আইনের দরজায় সত্যের পক্ষে লড়াই করে পরিবারটি সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের শরণাপন্ন হয়। লিগ্যাল এইড অফিসের নথিপত্র (নথি নং ১৫০৪/২৬, তারিখ: ২৮/০৯/২০২৬) সাক্ষী দেয় সত্যের। উভয় পক্ষের সমঝোতায় একটি মধ্যস্থতা চুক্তি হয়েছিল, যার শর্ত ছিল স্বামী ইয়াছিন আলী সসম্মানে স্ত্রীকে ফিরিয়ে আনবেন। কিন্তু ২৯ সেপ্টেম্বর স্ত্রীকে আনতে গিয়ে উল্টো বাধার মুখে পড়েন ইয়াছিন। পরবর্তীতে গত ১৫ অক্টোবর শুনানি শেষে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের চিফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মুস্তাফিজুর রহমান স্পষ্ট বুঝতে পারেন, স্ত্রী জোসনা খাতুন নিজেই স্বামীর সংসারে ফিরতে রাজি নন। এমনকি চুক্তি ভঙ্গের কারণে কোনো ধরনের মামলা বা দেনমোহরের অনুমতির প্রত্যয়নপত্রও দেয়নি লিগ্যাল এইড অফিস।
কিন্তু আইনের সঠিক পথ যখনই সত্যের পক্ষে গেছে, ঠিক তখনই ক্ষমতার অন্য কোনো খেলায় যেন হেরে গেছে এই পরিবারটি। গত ২৬ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে (মামলা নং ১৫০৪/২৬) যৌতুকের দাবিতে মারধর ও জখমের কাল্পনিক অভিযোগে জড়িয়ে দেওয়া হয় বাবা ইয়াছিন আলীকে। মুহূর্তের মধ্যে পুলিশ এসে তুলে নিয়ে যায় তাঁকে। সেই থেকে কারাগারই এখন তাঁর ঠিকানা।
সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে মোহন বলছিল, “মা যদি আমাদের ভবিষ্যতের কথা একটুও ভাবতেন, তবে হয়তো সংসারটা এভাবে ধূলিসাৎ হতো না। আজ আমাদের মা নেই, পাশে দাঁড়ানোর কেউ নেই। বাবাটাই ছিল আমাদের একমাত্র আশ্রয়। তাঁকেও মিথ্যা মামলায় জেলে পুরে দেওয়া হলো!”
আজ কালিগঞ্জের বাতাস ভারী হয়ে উঠেছে এই দুই শিশুর বুকফাটা কান্নায়। তারা কোনো প্রতিশোধ চায় না, কারও ক্ষতি চায় না। তারা কেবল ফিরে পেতে চায় তাদের রান্নার ধোঁয়া ওঠা সেই ঘরটি, যে ঘরে বাবা তাদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে এসে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মহলের প্রতি দুই ভাইয়ের আকুল আবেদন-এই মামলার যেন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়। প্রকৃত সত্য যেন আলোর মুখ দেখে এবং মিথ্যা মামলার বেড়াজাল থেকে মুক্তি পেয়ে তাদের বাবা দ্রুত ফিরে আসেন স্বাভাবিক জীবনে। বাবা ছাড়া এই পৃথিবীতে যে তাদের আর কেউ নেই! সমাজের বিবেকবান মানুষের কাছে আজ একটাই প্রশ্ন-এই দুই শিশুর চোখের জল কি তবে এভাবেই ঝরে যাবে? নাকি ন্যায়বিচার মুছে দেবে তাদের কপালের এই নিষ্ঠুর কালো রেখা?