কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।

বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির মধ্যে কোনো বিভাজন দেখতে চান না উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শেখ মনিরুল ইসলাম মনু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনি এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ শাহীন কবীর।

এ সময় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, র‍্যালি ও সমাবেশে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।