কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ এবং মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজগর আলী।

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম এলাকার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ, নাগরিক সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজের নানা ভাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যমের সঙ্গে এ ধরনের মতবিনিময় কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং জনগণের কথা শোনা, তাদের অভাব-অভিযোগ বোঝা এবং ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম।

এ সময় কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আহম্মদ উল্লাহ বাচ্চু, ইশারাত আলীর পাশাপাশি প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় এলাকার স্থানীয় উন্নয়ন, জনস্বার্থ রক্ষা ও জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা নিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।