কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে লাইসেন্স নবায়ন, পরিবেশের ছাড়পত্র এবং পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় ‘ঝর্ণা ক্লিনিক’ নামের একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করা হয়েছে।

৪ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় এবং ক্লিনিকটি সিলগালা করা হয়।

অভিযান শেষে সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় জনবল ছাড়া কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে দেওয়া হবে না। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে অবৈধ ও অনিবন্ধিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ক্লিনিক সিলগালা করার বিষয়ে ঝর্ণা ক্লিনিকের মালিক মিলনের সাথে কথা হলে তিনি জানান, তাদের প্রয়োজনীয় কাগজপত্রের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, “আমাদের কাগজপত্র প্রস্তুতের কাজ চলছে। আমরা দ্রুত সব গুছিয়ে লাইসেন্স নবায়নের জন্য চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুতই সব ঠিক হয়ে যাবে।”