ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ, কাঁদানে গ্যাস নিক্ষেপ | আটক ১২
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। শ্রমিক অসন্তোষের জেরে প্রায় ৪০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আটক করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে শ্রমিকেরা বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন। পরে কয়েকটি কারখানায় কাজ বন্ধ রেখে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের একটি কারখানার সামনে টায়ার ও প্লাস্টিকজাতীয় বস্তুতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান তাঁরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা বিভিন্ন গলি ও সড়কে ছড়িয়ে পড়েন। পরে ইউনিক ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে অবরোধের চেষ্টা করেন। এতে ওই এলাকার যান চলাচল ব্যাহত হয়।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ৪০টি কারখানা ছুটি ঘোষণা করেছে। আরও প্রায় ১০টি কারখানার শ্রমিক কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন।
অন্যদিকে, বিক্ষোভ চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। সাভার মডেল থানায় আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্রমিকদের দাবি, শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না, দ্রুত নতুন বেতনকাঠামো ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং বন্ধসহ অন্যান্য দাবিও পূরণ করতে হবে।
শ্রমিক নেতারা আন্দোলন শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, শ্রমিকদের অসন্তোষের পাশাপাশি আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগও খতিয়ে দেখা প্রয়োজন।
শ্রমিকদের দাবি ও কারখানা কর্তৃপক্ষের সিদ্ধান্তের মধ্যে সমাধান না আসায় আশুলিয়ার শিল্পাঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে।