জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।তিনি আরও বলেন, “একজন সফল যুব উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কাজের সুযোগ করে দিতে পারেন। চাইলে একজনের হাত ধরেই দশজনকে কর্মসংস্থান দেওয়া সম্ভব।”
রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের মোট যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করাই এ দিবসের মূল লক্ষ্য।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে সারাদেশে যুবদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান বৃদ্ধির কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয় যুবসমাজের দক্ষতা বিকাশ এবং সামাজিক-পরিবেশগত কার্যক্রমে তাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তারা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক। এ সময় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মণ্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, সাবেক উপজেলা বিএনপি সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জেলা বিএনপি সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান রোকন এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলামসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আলোচনা সভা, র্যালি, পরিচ্ছন্নতা অভিযান, যুবঋণ বিতরণ ও সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান উল্লেখযোগ্য। অনুষ্ঠানে অতিথিরা উল্লেখ করেন, দক্ষ যুবসমাজ ও নতুন উদ্যোক্তা সৃষ্টি দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।
