কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের সাতবসু গ্রামের সাব্বির হোসেন সানি (২৫) চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদের’ অন্যতম সহযোগী হিসেবে নারায়ণগঞ্জে গ্রেপ্তার হয়েছেন। গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সাব্বির সাতবসু গ্রামের মো. মালেক গাজীর ছেলে। গোয়েন্দা সূত্রের দাবি, তিনি চট্টগ্রামের পাঁচলাইশের হামজারবাগ এলাকায় বসবাস করে বড় সাজ্জাদের নির্দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। মাসে ৫০ হাজার টাকা বেতনে তিনি অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলেও দাবি পুলিশের।

চাঁদা না দিলে ব্যবসায়ী ও বিত্তশীদের বাসাবাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাঁচলাইশ ও হাটহাজারী থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে।