নিজস্ব প্রতিবেদক, কালিগঞ্জ (সাতক্ষীরা):

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জনবহুল এলাকা ফুলতলা মোড় ও নাজিমগঞ্জ বাজার সংলগ্ন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজারের ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করা, যত্রতত্র ছড়িয়ে থাকা পলিথিন ও বর্জ্য অপসারণ এবং জনসচেতনতা মূলক কার্যক্রমে নেতৃত্ব দেয় উপজেলা প্রশাসন।

অভিযানের শুরুতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং নিজেদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত কালিগঞ্জ গড়ে তোলা সম্ভব।” তিনি এই পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি চলমান সামাজিক আন্দোলনে রূপ দিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকার কুমার দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. শফিকুল ইসলাম বাবু, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আখতারুজ্জামান পল্টু।

এছাড়াও অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেছেন, প্রশাসনের এই নিয়মিত উদ্যোগের ফলে সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে উঠবে এবং কালিগঞ্জ উপজেল কে একটি মডেল ও পরিচ্ছন্ন জনপদ হিসেবে গড়ে তোলা সহজ হবে।