সোলায়মান মামুন :  

রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি , আলোচনা সভা ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনীর আয়োজন করা হয়। কর্মসূচিতে সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জুয়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আশরাফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক আহম্মেদ উল্ল্যাহ বাচ্চু, ইশারাত আলী, ফজলুর হক ও তাপস কুমার ঘোষ, সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শনের মাধ্যমে উপস্থিত ব্যক্তিদের সচেতন করা হয়। খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন কাজের সময় সাবান দিয়ে হাত পরিষ্কারের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, হাতের মাধ্যমে বিভিন্ন রোগের জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। তাই সঠিক নিয়মে হাত ধোয়া সংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। শিশুদের ছোটবেলা থেকেই এ অভ্যাস গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ভূমিকা রাখতে হবে।

আয়োজকরা জানান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে নিয়মিত হাত ধোয়া জরুরি। জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।