কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলার একমাত্র নারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাফিয়া পারভীন। তিনি একাধিকবার নির্বাচিত প্রয়াত ইউপি চেয়ারম্যান কে. এম. মোশাররফ হোসেনের কন্যা।
সোমবার (১৯ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন। এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরবর্তীতে কৃষ্ণনগর সার্বজনীন দুর্গামন্দিরে মহাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন চেয়ারম্যান সাফিয়া পারভীন। মন্দির কমিটির সভাপতি দীপক কুমার হালদারের সভাপতিত্বে ও ডা. সুশান্ত কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুহুল কুদ্দুস, সাবেক শিক্ষক রফিকুল ইসলাম, মফিজুর ইসলাম এবং ব্যবসায়ী ফিরোজ গাজীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পূজামণ্ডপ পরিদর্শনের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশকে আরও সুদৃঢ় করবে। উৎসবকে কেন্দ্র করে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান অটুট রাখার ওপরও জোর দেন তাঁরা।