ধর্মীয় সম্প্রীতি ও নিচ্ছদ্র নিরাপত্তার বার্তা দিয়ে বিভিন্ন মন্দির ভ্রমণ ও মতবিনিময়

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

শারদীয় দুর্গাপূজা সার্বজনীন আনন্দময় ও নিচ্ছদ্র নিরাপত্তায় উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ। সোমবার বিকেলে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নলতা কালিমাতা মন্দির, আমিয়ান দুর্গামন্দির ও গোবিন্দকাটি দুর্গামন্দিরে সরেজমিনে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান শাহিন এবং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাড়।

মতবিনিময় সভায় মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা ও নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজার সার্বিক আয়োজন, নিরাপত্তা পরিস্থিতি এবং আলোকসজ্জাসহ অন্যান্য ব্যবস্থাপনা সম্পর্কে জেলা প্রশাসককে বিস্তারিত অবহিত করেন। জেলা প্রশাসক সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং যেকোনো প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেন।