‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব’
শাহাদাৎ হোসেন :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে তিনি দক্ষিণ সোনাতলা সর্বজনীন দুর্গা মন্দির, উত্তর শ্রীপুর সাড়াতলা সর্বজনীন দুর্গা মন্দির ও গোবিন্দকাটি সর্বজনীন দুর্গা মন্দিরসহ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি সব নাগরিকের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাই যাতে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সরকারি সহায়তার প্রসঙ্গ তুলে ধরে তিনি জানান, গত বছরের তুলনায় এ বছর প্রতিটি মন্দিরে ১০০ কেজি করে বেশি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা এবং জনকল্যাণমূলক উদ্যোগের দিকগুলোও তুলে ধরেন। পরে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোত্সবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক গাজী ও সাধারণ সম্পাদক মনতাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তুহিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।