কাশফুলের দোলা, শরতের নির্মল আকাশ আর ঢাকের সুরের মূর্ছনায় সাতক্ষীরার কালিগঞ্জে জমে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার মণ্ডপে মণ্ডপে দেবী দর্শনে ভক্ত ও দর্শনার্থীদের আগমণ শুরু হয়েছে। চারদিকে বিরাজ করছে আনন্দ মুখর উৎসবের হাওয়া।

উৎসবের এই আনন্দময় মুহূর্তে কালিগঞ্জ উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীসহ আপামর জনসাধারণকে শারদীয় শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ মন্ডল। 

এক প্রাণবন্ত শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধুই একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি মেলবন্ধন, শান্তি ও অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তি প্রতিষ্ঠার এক অনন্য মহোৎসব। মা দুর্গার আগমন ঘটে মর্ত্যের সব পঙ্কিলতা আর অন্যায় দূর করার বার্তা নিয়ে। এই উৎসবের রঙে রঙিন হয়ে উঠুক আমাদের প্রতিটি হৃদয়।”

সম্প্রীতির বার্তা দিয়ে গোবিন্দ মন্ডল আরও যোগ করেন, “কালিগঞ্জের মাটি অসাম্প্রদায়িক চেতনার উর্বর ভূমি। যুগ যুগ ধরে এখানে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছে। আমাদের এই পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির বন্ধন যেন চিরদিন অক্ষুণ্ণ থাকে-এটাই আজকের দিনে আমার মূল প্রত্যাশা।”

স্থানীয় পূজা উদযাপন পরিষদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি জানান, কালিগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে যেন সনাতন ধর্মাবলম্বীরা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে পূজা-অর্চনা সম্পন্ন করতে পারেন, সে জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের নিরলস সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

আনন্দ, শ্রদ্ধা আর সম্প্রীতির আবহে কালিগঞ্জের পূজামণ্ডপগুলোতে বইছে উৎসবে বর্ণিল বাতাবরণ।