মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং মৎস্যজীবীদের অধিকার ও স্বার্থ রক্ষায় ভূমিকা জোরদার করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের সমাপনী পর্বে বিষ্ণুপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের পাঁচ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী হাইস্কুল প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মৎস্যজীবী দল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

বিষ্ণুপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের কার্যনির্বাহী সদস্য ও ইউনিয়ন আহ্বায়ক জিএম আমিনুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ডা. হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ও ইউপি সদস্য জিএম ফারুক হোসেন, কালিগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান বাবু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল করিম, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম সরদার, সাবেক ছাত্রনেতা জিএম আব্দুস সাত্তার এবং মৎস্যজীবী দলের নেতা আব্দুল গফ্ফার, জাকির হোসেন ও মাহমুদ আলী গাজী প্রমুখ।

বক্তারা বলেন, যেকোনো রাজনৈতিক সংগঠনের মূল শক্তি হলো তার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তাই সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হলে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে মৎস্যজীবী সম্প্রদায়ের সমস্যা, অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো চিহ্নিত করে তা সমাধানে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় মৎস্যজীবীদের অবদান অপরিসীম। তাঁদের জীবন-জীবিকা, কর্মসংস্থান এবং পেশাগত বিভিন্ন সমস্যা নিরসনে নেতাকর্মীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সাধারণ মৎস্যজীবীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সম্মেলনে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি, যুবদল এবং মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানমালার শেষ পর্যায়ে বিষ্ণুপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই নতুন কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেশি বেগবান হবে