নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জের চাঁচাই গ্রামে পারিবারিক মন্দিরের দেয়ালে বাঁশের ঘেঁষা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাদানুবাদের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভোলা দাস নামের এক ব্যক্তি কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় চাঁচাই গ্রামের একটি পারিবারিক মন্দিরের পাশ দিয়ে ভ্যানে করে বাঁশ নেওয়ার সময় দেয়ালে ঘেঁষা লাগাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিবাদ করলে ভোলা দাসের স্ত্রী ও ভাবিকে মারধর করা হয়। এ সময় গলার স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং বাড়িঘর ভাঙচুর ও তছরুপ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষে আহত সুমিত্রা দাসকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে অভিযোগ পুরোপুরি অস্বীকার করে প্রতিপক্ষ মিঠুন মন্ডলসহ অন্যরা জানান, সামান্য বাদানুবাদের ঘটনাটি তখনই মীমাংসা হয়ে গেছে। তাদের বিরুদ্ধে আনা হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।