https://satkhiranews24.com/wp-admin/
মেধা-সাফল্যের স্বীকৃতি, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও উৎসাহ দিতে সাতক্ষীরার কালিগঞ্জে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামের হলরুমে ছাত্রশিবিরের কালিগঞ্জ উপজেলা পূর্ব শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা পূর্ব শাখার সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জকসু ভিপি রিয়াজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কলেজ ছাত্র সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা রুহুল আমিন, জেলা সেক্রেটারি নাজমুল হাসান, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, জেলা অফিস ও দপ্তর সম্পাদক নাহিদ হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধাকে কাজে লাগাতে হবে। উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
পরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।