সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা গ্রা‌মের সরদারপাড়া ও মোড়লপাড়ার সংযোগকারী একমাত্র কালভার্টটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ। কালভার্টটির বেহাল দশার কারণে প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থী, মৎস্যচাষীসহ হাজারো পথচারী চরম ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন।
স‌রেরজ‌মি‌নে দেখা গেছে, কালভার্টটির ওপরের অংশ ধসে পড়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা থাকলেও দীর্ঘ দিনেও এটি সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
শ্রীকলা গ্রা‌মের ৯নং ওয়া‌র্ডের সা‌বেক মেম্বর মাহমুদ আলম মন্টু ব‌লেন দীর্ঘদিনের দাবি, অবিলম্বে এই গুরুত্বপূর্ণ স্থানে একটি নতুন কালভার্ট নির্মাণ করা হোক। নতুন কালভার্ট নির্মিত হলে এই এলাকার মৎস্যচাষীরা তাদের উৎপাদিত মাছ সহজে বাজারজাত করতে পারবেন। পাশাপাশি স্কুলগামী ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সাধারণ পথচারীদের যাতায়াত নিরাপদ ও সহজ হবে।
৪ নং দ‌ক্ষিণশ্রীপুর ইউ‌নিয়‌নের প‌্যা‌নেল চেয়ারম‌্যান আহম্মদ শাহাজী ব‌লেন কালভার্টটি নি‌র্মিত হ‌লে এলাকার মানুষ উপকৃত হ‌বে। দ্রুত কালভার্টটি নির্মা‌নের ব‌্যবস্থা করা হোক।
জনদুর্ভোগ লাঘবে দ্রুত এই ভাঙা কালভার্টটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।