সাতক্ষীরার কালিগঞ্জের সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধ জেলে মো. পেয়ার আলী গাজীর (৮৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর পার্শ্ববর্তী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এবং আজ সকাল ১০টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
নিহত পেয়ার আলী গাজী কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত ছফেদ আলী গাজীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে পেয়ার আলী গাজী সবার অজান্তে বসন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। এরপর দীর্ঘ সময় ধরে তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজনের সন্দেহ হয় এবং নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান মেলেনি।
ঘটনার পর গত শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও খুলনা থেকে আগত একটি বিশেষ ডুবুরি দল স্থানীয় লোকজনকে সাথে নিয়ে কালিন্দী নদীর বিভিন্ন পয়েন্টে দিনব্যাপী যৌথ উদ্ধার অভিযান চালায়। সারাদিন তল্লাশি চালিয়েও নদী থেকে তার খোঁজ পাওয়া যায়নি।
অবশেষে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সীমান্ত সংলগ্ন ইছামতী নদীর ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট এলাকায় মাছ ধরার সময় এক জেলের জালে তার মরদেহ আটকে যায়। পরে খবর পেয়ে নিখোঁজ পেয়ার আলীর ছেলে আব্দুস সবুরসহ স্বজনেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেন। কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এদিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার পর আজ শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রিয়জনকে এমন মর্মান্তিক উপায়ে হারানোর ঘটনায় বসন্তপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।