জাতীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান জাকির হোসেন (জাকারিয়া)। সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকা কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬’-এর জমজমাট অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে ‘দ্রুততম মানব’-এর গৌরব অর্জন করেছেন তিনি।
উপজেলা ও জেলা পর্বের পর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় আসরেও নিজের ধারাবাহিকতা ধরে রাখলেন এই তরুণ অ্যাথলেট। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাকশিয়ালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে জাকির হোসেনের এই সাফল্যে গোটা অঞ্চলে আনন্দের জোয়ার বইছে।
সোমবার (২৭ জুলাই) ঢাকা কমলাপুর স্টেডিয়ামে বিকাল ৪:০০ টায় অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতাসমূহ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের সেরা অ্যাথলেটদের পেছনে ফেলে ১০০ মিটার স্প্রিন্টে সবার আগে ফিনিশিং লাইন স্পর্শ করেন জাকির হোসেন। এর আগে তিনি উপজেলা, জেলা এবং খুলনা বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অধিকার করে জাতীয় মঞ্চের টিকিট নিশ্চিত করেছিলেন।
প্রতিযোগিতা শেষে জাকির হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ তাকে মেডেল, ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করা হয়।
জাতীয় পর্যায়ে জাকির হোসেনের এই অভূতপূর্ব সাফল্যে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, জাকিরের এই অর্জন কালিগঞ্জের তরুণ সমাজকে খেলাধুলায় আরও বেশি উৎসাহিত করবে।