তুরস্কের আঙ্কারায় নেটো (NATO) সম্মেলনের ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার কূটনৈতিক দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে।
রবিবার (৬ জুলাই) ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে মেলোনির সঙ্গে একটি এডিটেড ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “Restraining order needed” (নিয়ন্ত্রণের নির্দেশ প্রয়োজন)। এর মাধ্যমে তিনি ব্যঙ্গ করে বোঝাতে চেয়েছেন যে মেলোনি তাঁর মনোযোগ পাওয়ার জন্য মরিয়া।
গত জুন মাসে জি৭ সম্মেলনে ট্রাম্প দাবি করেছিলেন, মেলোনি তাঁর সঙ্গে ছবি তোলার জন্য বারবার অনুরোধ করেছিলেন। মেলোনি সেই দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়ে বলেছিলেন, “ইতালি বা আমি কখনো ভিক্ষা করি না।”
ইরান ইস্যুতে আমেরিকার সামরিক পদক্ষেপে ইতালির ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ট্রাম্প মেলোনির ওপর ক্ষুব্ধ। এছাড়া সাম্প্রতিক সময়ে ইউরোপের অন্যান্য মিত্র দেশগুলোর সঙ্গেও ট্রাম্পের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী মেলোনি নিজে কোনো মন্তব্য না করলেও, ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো বলেন, “মানুষ আসবে আর যাবে, কিন্তু দুদেশের সম্পর্ক টিকে থাকতে হবে।” নেটো সম্মেলনের আগে ট্রাম্পের এই মন্তব্য মিত্র দেশগুলোর মধ্যে অস্বস্তি তৈরি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।