নিজস্ব প্রতিবেদক:

জুলাই আন্দোলনকে কটাক্ষ, সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি শনিবার দুপুরে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।

শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে একটি সংগঠনের তিন প্রতিনিধি অভিযুক্তদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। জিডিতে অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে অবমাননা ও কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য ও পোস্ট দিয়েছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ‘একটি জিডি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে’। জানা গেছে, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য অভিযোগটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে। সাইবার বিভাগ অভিযোগের সাথে সংশ্লিষ্ট পোস্ট, বক্তব্য ও লিংকগুলো যাচাই-বাছাই করবে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।