আমির হামজা, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে:
জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের আনা মিথ্যা অভিযোগ, হয়রানি এবং প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির দীর্ঘদিনের এক নিবেদিতপ্রাণ নেতা। বুধবার (১ জুলাই) দুপুরে কালিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধলবাড়িয়া ইউনিয়নের হরিখালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতা রেজাউল ইসলাম।
সংবাদ সম্মেলনে রেজাউল ইসলাম অভিযোগ করেন, হরিখালী মৌজার জমি নিয়ে প্রতিবেশী মামুন আল ইমরান ও তার পিতা আব্দুল হান্নানের সাথে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত ২৭ মে প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে বাধা দেওয়া হয়, যার ফলে তার পরিবারের সদস্যদের মারধর ও নারী সদস্যদের শ্লীলতাহানির ঘটনা ঘটে।
লিখিত বক্তব্যে তার ছেলে আবু হাসান রানা জানান, বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও প্রতিপক্ষরা ব্যর্থ হয় এবং উল্টো তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। বর্তমানে প্রতিপক্ষরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয়ের প্রভাব খাটিয়ে গত ২৮ জুন খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মাধ্যমে কালিগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি ও অর্থ আত্মসাতের সাজানো অভিযোগ করেছে।
বিএনপি নেতা রেজাউল ইসলাম বলেন, “দীর্ঘ ৪০ বছর ধরে আমি বিএনপির রাজনীতির সাথে যুক্ত। এই দীর্ঘ সময়ে আমার বিরুদ্ধে কখনোই চাঁদাবাজি বা দখলবাজির কোনো অভিযোগ ওঠেনি। প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে আওয়ামী ঘরানার প্রভাব ব্যবহার করে জমি দখলের পায়তারা করছে এবং বর্তমানে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।”
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দায়ের করা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। একই সাথে তিনি তার রেকর্ডভুক্ত পৈতৃক সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখলের সুযোগ নিশ্চিত করতে এবং প্রভাবশালী মহলের হাত থেকে রক্ষার জন্য পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।