হারুন অর রশিদ ও সোলায়মান মামুন :

সাতক্ষীরার কাললিগঞ্জে সনজিব সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৩টায় উপজেলার ঠেকরা রহিমপুর গ্রামের একটি মাছের ঘেরের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত সনজিব সরকার একই এলাকার গোপাল চন্দ্র সরকারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে সনজিব বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। রাত সাড়ে ৩টার পর তার মরদেহ পাওয়া যায় ঠেকরা টু দক্ষিণশ্রীপুর খেজুরতলা রোডের মাঝামাঝি বড় খালের মাথায় অবস্থিত তার নিজের ঘেরের বাসার সামনে।

নিহতের পরিবারের দাবি, সনজিবের মৃত্যু স্বাভাবিক নয়। তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন। তাদের অভিযোগ, কে বা কারা পরিকল্পিতভাবে তাকে অন্য কোথাও হত্যা করে রাতের অন্ধকারে তার নিজের ঘেরের সামনে মরদেহ ফেলে রেখে গেছে।

ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয়রা ঘেরের পাড়ে ভিড় জমান। এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তারা বলছেন, সনজিবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না বা কী কারণে তাকে মৃত্যু বরণ করতে হলো, তা উদঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।

পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।