হারুন অর রশিদ, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে : 

সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসন ও স্বাবলম্বী করতে সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত উপকারভোগীদের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার নির্দেশনা ও নেতৃত্বে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে দুইজন উপকারভোগীকে স্বাবলম্বী করার লক্ষ্যে প্রত্যেককে তিনটি করে মোট ছয়টি পালন উপযোগী ছাগল প্রদান করা হয়েছে। এছাড়া একজন উপকারভোগীকে শাক-সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণ দেওয়া হয়েছে।

কার্যক্রম বাস্তবায়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাকিল আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধান এবং সমাজসেবা কার্যালয়ের সরাসরি ব্যবস্থাপনায় স্বচ্ছতার সঙ্গে উপকারভোগী নির্বাচন ও সহায়তা প্রদান সম্পন্ন হয়।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে স্বাবলম্বী করার এ ধরনের উদ্যোগ উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতে কর্মসূচির পরিধি আরও সম্প্রসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।