নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা:
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত কামিল (হাদিস) পরীক্ষায় সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছেন সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের কৃতী সন্তান মাওলানা আবু জাফর মো. মোবাশশির হোসাইন।
তিনি খানপুর গ্রামের প্রখ্যাত শাহ সুফি পীর আলহাজ্ব আবুল হাসান হুজুরের ছোট ছেলে। দারুস সুন্নাহ শর্শিনা আলিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল হাদিস বিভাগের শেষ পর্বের পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ (এ প্লাস) অর্জনের পাশাপাশি জাতীয় মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেন।
তার এ অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। স্থানীয়রা মনে করছেন, এটি শুধু মোবাশশির হোসাইনের ব্যক্তিগত অর্জন নয়, বরং খানপুর গ্রাম ও সাতক্ষীরা জেলার জন্যও একটি গৌরবময় মাইলফলক।
শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে তিনি দ্বীনি শিক্ষা, গবেষণা, সমাজসেবা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এদিকে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে, যেন আল্লাহ তাআলা তাকে ইলমে দ্বীনের খেদমতে কবুল করেন এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের তাওফিক দান করেন।