কালিগঞ্জ প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের নির্বাচন শেষ পর্বে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ছয়জন প্রার্থীর মধ্যে মূল লড়াই সীমিত হয়ে এসেছে তিন প্রতীকে-বিএনপির ধানের শীষ, জামায়াত সমর্থিত দাড়িপাল্লা এবং স্বতন্ত্র প্রার্থী, ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী পার্কে ডা. শহিদুল আলমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা বাসীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম। এসময় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কে ফুটবল প্রতীকের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জনসভায় প্রধান অতিথি ডা. শহিদুল আলম বলেন, “আমি দলের বিভাজন ভুলে সাধারণ মানুষের আশা ও স্থানীয় উন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই।” এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাইনারিটি জনতা পার্টির সংসদ সদস্য প্রার্থী রুবেল গাইন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য গাজী তুহিন, কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান, বিভিন্ন ইউনিয়নের বহিস্কৃত বিএনপির নেত্রীবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা ভোটারদের ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।