মোঃ ইশারাত আলী :
পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) উপলক্ষে দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পশুর হাট সাতক্ষীরার কালিগঞ্জের ‘মৌতলা গরু-ছাগলের হাট’ পরিচ্ছন্ন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। গত শুক্রবার (২২ মে) আনুষ্ঠানিকভাবে এই হাটের কোরবানির পশুর বিশেষ হাট শুরু হয়।
হাট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার (২৩ মে) একদিনের বিরতি শেষে আগামীকাল রোববার (২৪ মে) থেকে শুরু করে পবিত্র ঈদুল আজহার আগের দিন পর্যন্ত বিরতিহীনভাবে নিয়মিত (প্রতিদিন) এই হাটে কোরবানিযোগ্য গরু ও ছাগল বেচা-কেনা চলবে।
পবিত্র কোরবানি উপলক্ষে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা ও বিক্রেতাদের (বেপারি) সর্বোচ্চ নিরাপত্তা, থাকা-খাওয়া ও নির্বিঘ্নে পশু কেনাবেচার জন্য হাটে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো হাট প্রাঙ্গণের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মুনসী কামরুজ্জামান টুটুল।
হাট কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন কাজী আবু ছাঈদ সোহেল। তিনি জানান, ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে জাল টাকা শনাক্তকরণ মেশিন, পর্যাপ্ত নিরাপত্তা কর্মী, পশুর সুচিকিৎসায় ভেটেরিনারি মেডিকেল টিম এবং দূরপাল্লার বেপারিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
মৌতলা হাট কমিটির পক্ষ থেকে উপজেলার সর্বস্তরের জনগণ, পশুপালনকারী খামারি ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারদের আগামীকাল রোববার থেকে প্রতিদিন হাটে এসে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।