মোঃ ইশারাত আলী :
সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে এক নতুন ইতিহাস রচনা করেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পর, এবার জাতীয় পর্যায়েও নিজেদের অবিস্মরণীয় পারফরম্যান্সের ধারা বজায় রেখে টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হয়েছে এই খুদে ফুটবলাররা। খুলনা বিভাগের প্রতিনিধিত্বকারী এই দলের অভাবনীয় ও গৌরবময় অর্জনে খেলোয়াড়, কোচ, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার।
গতকাল শনিবার (৬ই জুন) ঢাকার মাঠে অনুষ্ঠিত অত্যন্ত উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শক্তিশালী চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে শেষ চারে (সেমিফাইনাল) নিজেদের জায়গা নিশ্চিত করে গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঠজুড়ে খুদে ফুটবলারদের গতির ঝড় এবং দুর্দান্ত ড্রিবলিংয়ের সামনে পাত্তাই পায়নি চট্টগ্রামের রক্ষণভাগ। ম্যাচজুড়ে টানটান উত্তেজনার পর শেষ বাঁশি বাজতেই জয়ের উল্লাসে মেতে ওঠে গনেশপুরের খেলোয়াড়রা। এই দুর্দান্ত বিজয়ে গনেশপুরের পাশাপাশি সমগ্র কালিগঞ্জ উপজেলা, সাতক্ষীরা জেলা তথা খুলনা বিভাগ আজ আনন্দিত ও গর্বিত।
আজ রবিবার (৭ই জুন) বিকাল ৩টায় হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হবে খুলনার প্রতিনিধিত্বকারী এই খুদে টাইগারেরা। ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামবে দুই দলই। ঢাকার ফুটবলারদের এবং ক্রীড়ামোদীদের নজর এখন এই হাইভোল্টেজ ম্যাচের দিকে।
আজ এক বিবৃতিতে সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ মুহাম্মদ রবিউল বাশার খেলোয়ার ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন – “গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অবিস্মরণীয় সাফল্য আমাদের সমগ্র কালিগঞ্জবাসীর মুখ উজ্জ্বল করেছে। খুদে ফুটবলারদের এই দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করে যে – সঠিক দিকনির্দেশনা, নিবিড় পরিচর্যা ও সুযোগ পেলে আমাদের প্রান্তিক অঞ্চলের সন্তানরাও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে।”
সাফল্যের নেপথ্য কারিগরদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষকমণ্ডলী, টিম পরিচালক এবং কোচেদের অক্লান্ত পরিশ্রম ও সর্বোচ্চ ত্যাগের ফলেই আজ এই ঐতিহাসিক প্ল্যাটফর্মে পৌঁছানো সম্ভব হয়েছে।
সাতক্ষীরা-৩ আসনের এমপি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজ সেমিফাইনালে বরিশাল বিভাগের বিরুদ্ধে ম্যাচেও খেলোয়াড়দের এই জয়ের ধারা অব্যাহত থাকবে। গনেশপুর ফাইনালে উঠে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে- এটাই এখন সাতক্ষীরা জেলা তথা সমগ্র খুলনা বিভাগবাসীর একমাত্র প্রত্যাশা।