মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ২টা থেকে শুরু করে রোববার সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত উপজেলার খানজিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১ হাজার ৬ শত ৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের মো. ইমরান হোসেন (৩০) এবং পশ্চিম সেয়ারা গ্রামের মো. কামাল হোসেন (৩৩)। যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খানজিয়া এলাকায় দীর্ঘ সময় ধরে এই অভিযান চালানো হয়। অভিযানে আসামিদের হেফাজত থেকে ১৬৪৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।