মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোতা মৌজায় সরকারি খাস জমি জবরদখলের চেষ্টা এবং ইজারা গ্রহীতা ভূমিহীন পরিবারগুলোকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা ও ফসলের সুরক্ষা চেয়ে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ভূমিহীনরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোতা মৌজার ১নং খাস খতিয়ানের ৭.৬৬ একর জমি ২০০৫ সাল থেকে সরকারের নিকট হতে বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসছেন মোঃ ইউনুস আলী মোড়লসহ ৮ জন ভূমিহীন। দীর্ঘ ২১ বছর ধরে তারা সেখানে মাছ চাষ ও ফসল ফলিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন।
ভূমিহীনদের উচ্ছেদের উদ্দেশ্যে বিবাদী মোঃ শাহনুর মোল্যা ও তার সহযোগীরা ইতিপূর্বে আদালতে একটি দেওয়ানী মামলা (নং ১০৫/২৫) দায়ের করেন। ওই মামলায় গত ২৩/০৭/২৫ তারিখে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলেও পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আপত্তি দাখিল করা হয়। উভয় পক্ষের শুনানি ও নথিপত্র পর্যালোচনার পর গত ১২/০৪/২৬ তারিখে বিজ্ঞ আদালত ওই নিষেধাজ্ঞা ভ্যাকেট (বাতিল) করে দেন।
ভুক্তভোগীদের দাবি, আদালতে পরাজিত হয়েও ক্ষান্ত হয়নি বিবাদী শাহনুর মোল্যা ও সুশান্তসহ তাদের সহযোগীরা। তারা বর্তমানে বেআইনিভাবে ঘেরের মাছ ও জমির ফসল লুটে নেওয়ার পাঁয়তারা করছে এবং ভূমিহীন পরিবারগুলোকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছে।
ভুক্তভোগী মোঃ ইউনুস আলী মোড়ল বলেন, "আমরা আইন মেনে সরকারকে রাজস্ব দিয়ে জমি চাষাবাদ করছি। আদালত আমাদের পক্ষে রায় দিলেও বিবাদীরা গায়ের জোরে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। আমরা এখন জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।"
ভূমিহীন পরিবারগুলো তাদের ঘেরের মাছ, ধান ও অন্যান্য ফসলাদি রক্ষায় এবং ভূমিদস্যুদের হাত থেকে সরকারি সম্পত্তি বাঁচাতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।