নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন রক্তাক্ত জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের কৃষি ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর গ্রামের কালাম গাজীর পুত্র মিজানুর রহমানের (৪০) সাথে একই গ্রামের আঃ সাত্তার গাজীর পুত্র মতিউর রহমান (৩৫) এবং ফজের আলীর পুত্র ফজলু গাজীর (৪৭) দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল।
আজ সকালে বালিয়াডাঙ্গা বাজারের তেঁতুল তলা সংলগ্ন কৃষি ব্যাংকের সামনে উভয় পক্ষ মুখোমুখি হলে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। হামলাকারীরা রড, লাঠি এবং গরান কাঠ দিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৯ জনের মাথা, হাত, পিঠ ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়।
সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন কালিগঞ্জ সার্কেল ও অফিসার ইনচার্জ (ওসি)। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। বর্তমানে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কালিগঞ্জ থানা পুলিশ জানায়, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।