মোঃ ইশারাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই কিশোর রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ১৯ এপ্রিল (রবিবার) ভোরে নিখোঁজ হওয়ার পর থেকে চারদিন অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান না মেলায় পরিবার দুটির মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানা সূত্রে ও জিডির তথ্যমতে, নিখোঁজ দুই কিশোর হলো-কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের চাতরা গ্রামের মতিয়ার রহমানের ছেলে আবু সেলিম এবং শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হাওয়াল ভাঙ্গী গ্রামের মোছাঃ ফিরোজা খাতুনের ছেলে মোঃ মোজাহীদ হোসেন।
গত ১৯ এপ্রিল ২০২৬ ভোর আনুমানিক ৪টার দিকে কালিগঞ্জ থানাধীন বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসুদনপুর এলাকায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তারা নিখোঁজ হয়। সন্তানদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় দ্বারস্থ হওয়া হয়েছে। আবু সেলিমের নিখোঁজের ঘটনায় তার বাবা মতিয়ার রহমান একটি জিডি করেছেন (জিডি নম্বর: ১১৯০, ট্র্যাকিং নম্বর: 30VXS2)। মোজাহীদ হোসেনের নিখোঁজের বিষয়ে তার মা ফিরোজা খাতুন আরেকটি জিডি দায়ের করেছেন (জিডি নম্বর: ১১৮৯, ট্র্যাকিং নম্বর: GSX64D)।
নিখোঁজ আবু সেলিমের বাবা মতিয়ার রহমান আহাজারি করে বলেন, "আমার ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের দ্রুত ও কার্যকর সহযোগিতা চাই। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও আমরা ব্যর্থ হয়েছি।"
অপর নিখোঁজ কিশোর মোজাহীদ হোসেনের মা ফিরোজা খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার সন্তান কোথায় আছে, কেমন আছে জানি না। তাকে ফিরে পেতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।"
কালিগঞ্জ থানা কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিখোঁজ দুই কিশোরকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
একই প্রতিষ্ঠান থেকে দুই কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও গভীর উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।