নিজস্ব প্রতিবেদক :
দেশের স্থানীয় সরকার কাঠামোয় রদবদলের ধারাবাহিকতায় আরও পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনের দায়িত্ব অর্পণ করা হয়েছে বিএনপির পাঁচ নেতার ওপর।
নিয়োগপ্রাপ্ত নতুন প্রশাসকেরা হলেন:
বরিশাল: বিলকিস আক্তার জাহান শিরীন (বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপি)
রাজশাহী: মো. মাহফুজুর রহমান (সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি)
ময়মনসিংহ: মো. রুকুনোজ্জামান রোকন (সদস্যসচিব, দক্ষিণ জেলা বিএনপি)
রংপুর: মাহফুজ উন নবী চৌধুরী (সদস্যসচিব, রংপুর মহানগর বিএনপি)
কুমিল্লা: মো. ইউসুফ মোল্লা (সাধারণ সম্পাদক, কুমিল্লা মহানগর বিএনপি)
প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা নতুন করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত এই প্রশাসকেরা পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের যাবতীয় ক্ষমতা ও প্রশাসনিক দায়িত্ব এখন থেকে তাদের অধীনেই ন্যস্ত থাকবে।
নিয়োগের ঘোষণা আসার পরপরই শনিবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান নবনিযুক্ত এই পাঁচ প্রশাসক। সেখানে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিসহ মোট ছয়টি সিটিতে বিএনপির নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আজকের এই নতুন নিয়োগের ফলে দেশের মোট ১১টি সিটি করপোরেশনের দায়িত্ব এখন বিএনপির নেতাদের হাতে।